কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলার কচুয়া উপজেলাতেও কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে এই কর্মবিরতিতে অংশ নেন।
শিক্ষকরা বলেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তারা আরও বলেন, “আমরা আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন চাই, কিন্তু সরকার তা উপেক্ষা করছে। শিক্ষকরা জাতি গঠনের কারিগর— শিক্ষকদের যথাযথ মূল্যায়ন ছাড়া কোনো দেশই উন্নতি লাভ করতে পারে না।”
শিক্ষকরা স্বাধীনতার ৫৩ বছর পেরিয়েও সঠিক মূল্যায়ন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, “অনেক সরকার এসেছে, অনেক সরকার গেছে, কিন্তু শিক্ষকদের দাবি এখনও উপেক্ষিত। সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছি।”
তারা গত ১ অক্টোবর ঢাকায় অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিন দফা দাবি, বেতন বৈষম্য দূরীকরণ, পূর্ণাঙ্গ উৎসব ও বৈশাখী ভাতা প্রদান, অবসর ও কল্যাণ ট্রাস্টের অনিয়ম দূর করে সরকারি শিক্ষকদের সমান সুযোগ নিশ্চিত করা, শিক্ষকরা সরকারের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন, যাতে শিক্ষার্থীদের পড়াশোনায় কোনো বিঘ্ন না ঘটে।