জামালপুর প্রতিনিধিঃ
সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি এবং নরুন্দি রেল স্টেশনে দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মাণের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে নরুন্দি রেলস্টেশন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, নরুন্দি রেল স্টেশন দীর্ঘদিন ধরে এলাকাবাসীর যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও অধিকাংশ আন্তঃনগর ট্রেন এখানে যাত্রাবিরতি না দেওয়ায় জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এছাড়া স্টেশনে দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মাণ না থাকায় যাত্রীদের নিরাপত্তা ও চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে বলে দাবি জানান তারা। বক্তারা দ্রুত এসব দাবির বাস্তবায়নে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।