বাগেরহাট প্রতিনিধি:
ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী ড. শহিদুল আলম। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “গাজা এখনও মুক্ত হয়নি, সেখানে এখনও আক্রমণ চলছে। আমাদের কাজ শেষ হয়নি। গাজাবাসীদের ওপর যে নির্যাতন হচ্ছে, তার তুলনায় আমাদের সঙ্গে যা হয়েছে, তা কিছুই নয়।”
শহিদুল আলম দেশবাসী, বাংলাদেশ সরকার এবং তার মুক্তির জন্য যারা আন্তর্জাতিকভাবে কাজ করেছেন—সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “এই মুক্তি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। তবে ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই শেষ নয়।”
এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার পরপরই প্রধান উপদেষ্টার দফতর থেকে নির্দেশনা অনুযায়ী জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নিতে বলা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে তার মুক্তি নিশ্চিত করতে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়।
তেল আবিব থেকে তুরস্কে পৌঁছানোর পর দেশে ফেরার সুযোগ পান শহিদুল আলম। জানা গেছে, তিনি ছিলেন ‘কনশানস’ জাহাজের সদস্যদের একজন। ওই জাহাজে থাকা সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যদের গত বুধবার ভোরে ইসরায়েলি দখলদার বাহিনী আটক করে।
বাংলাদেশে ফিরে শহিদুল আলম বলেন, “মানবিক সহায়তা, ন্যায়বিচার ও স্বাধীনতার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।”