কানাডা প্রতিনিধিঃ
কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে গোলাগুলির এক ঘটনার পর সন্দেহভাজন বন্দুকধারীসহ ১০ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। রয়টার্স জানায়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রদেশেরটির উত্তরপূর্বাঞ্চলীয় টাম্বলার রিজ শহরে এ ঘটনা ঘটেছে।খবর আইবিএননিউজ
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানায়, টাম্বলার রিজের এক হাই স্কুলের ভেতরে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। নিহত আরও দুইজনকে একটি বাড়িতে পাওয়া গেছে। আর অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ বলেছে, সন্দেহভাজন এক গুলিবর্ষণকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। সে সম্ভবত নিজের গুলিতেই নিহত হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত নয় আর জনগণের জন্য চলমান কোনো হুমকি নেই বলে মনে করছে পুলিশ।
ব্রিটিশ কলম্বিয়ার উত্তরপূর্বাঞ্চলে রকি পর্বতের পাদদেশের প্রত্যন্ত শহর টাম্বলার রিজের লোকসংখ্যা প্রায় ২৪০০ জন। শহরটি ভ্যাঙ্কুভার থেকে প্রায় ১১৫৫ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন। স্থানীয় এক মেডিকেল সেন্টারে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ব্রিটিশ কলম্বিয়ার জননিরাপত্তামন্ত্রী নিনা ক্রিগার এক্স এ দেওয়া এক বিবৃতিতে বলেছেন, “আমাদের সকল ভাবনা টাম্বলার রিজের জনগণের জন্য। আমি শহরটির মেয়র ও স্থানীয় এমএলএ’র সঙ্গে কথা বলেছি আর সব ধরনের সহযোগিতার প্রস্তাব দিয়েছি।”