কালাইয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

রনি আকন্দ কালাই জয়পরহাট থেকেঃ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষক ও কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে শ্রেণিকক্ষ ফাঁকা রেখে মহাসড়কে মানববন্ধন করেছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় কালাই বাসস্ট্যান্ড চত্বরে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোট-এর উদ্যোগে জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক মহাসড়কে শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে

 এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা একত্রিত হয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।

কালাইয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন
কালাইয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

মানববন্ধনে বক্তব্য দেন কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম, থুপসাড়া সেলিমিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মতিয়র রহমান, মোলামগাড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন, হাতিয়র কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক শামীম রেজা, কালাই মহিলা বিএম কলেজের অধ্যক্ষ আব্দুল করিমসহ অনেকে।

হাতিয়র কামিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা সেলিম রেজা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে যারা লাঠিচার্জ করেছেন, তারাও কোনো না কোনো শিক্ষকের ছাত্র। আজ মনে হচ্ছে আমাদেরই ছাত্ররা আমাদের ওপর নির্যাতন করছে।

থুপসাড়া সেলিমিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মতিয়র রহমান বলেন, ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালীন সময়ে শিক্ষকদের ওপর পুলিশি হামলা করা হয়েছে—এ ঘটনা জাতির জন্য লজ্জাজনক। যারা শিক্ষকদের ওপর টিয়ারশেল নিক্ষেপ, লাঠিপেটা ও জলকামান ব্যবহার করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

পরে শিক্ষকরা মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *