কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে আগামী ১৬ই আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সফরটি সফল করতে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন, উপজেলা প্রশাসন এবং উপজেলা বিএনপি ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি গ্রহণ করেছে।
জানা গেছে, আগামী ১৬ই আগস্ট জাতীয় মৎস্য দিবস উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদী থেকে ভার্চুয়ালি সারাদেশে একযোগে ‘জাতীয় মৎস্য সপ্তাহ’ এর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর এই আগমন ও অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ শুক্রবার বাদ জুমআ উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া গ্রামে অবস্থিত সরকারি মৎস্য হ্যাচারি (সম্ভাব্য ভেন্যু) পরিদর্শন করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন। তিনি ভেন্যুর সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,সহ সভাপতি মিজানুর রহমান স্বপন ও শফিকুর রহমান বাদল, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,উপজেলা যুব দলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উপজেলা প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।