খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদারের ওপর প্রকাশ্যে গুলি

খুলনা প্রতিনিধিঃ

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ‘শ্রমিক শক্তি’র সভাপতি মোতালেব শিকদারের ওপর সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে গুলি চালানো হয়েছে। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। তিনি জানান, সোমবার মোতালেব শিকদারের ওপর ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হয়েছেন এবং দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতাল নেওয়া হয়েছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “দুর্বৃত্তরা মোতালেব শিকদারের ওপর গুলি চালালে আশপাশের মানুষ দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিকভাবে তার কানে গুলির আঘাত পাওয়ার খবর পাওয়া গেছে। তবে মাথার অবস্থা পরীক্ষা করার জন্য তাকে পরে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়েছে।”

ওসি আরও জানান, “এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে এবং ঘটনাস্থল থেকে প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছে। আমরা বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছি।”

এদিকে, এনসিপি নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন হামলার নিন্দা জানিয়েছেন এবং দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি তুলেছেন। খুলনার রাজনৈতিক মহলে এই ঘটনার কারণে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষও প্রকাশ্যে এমন নাশকতামূলক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

এই হামলার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা বা ব্যক্তিগত বিবাদ রয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *