গফরগাঁওয়ে উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনা সভা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আন্তঃবিভাগীয় পর্যালোচনা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় গফরগাঁওয়ের টেকসই উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও বিভিন্ন দপ্তরের সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে বিশদ আলোচনা হয়।

সভায় জানানো হয়, গফরগাঁও উপজেলার সার্বিক উন্নয়নের জন্য খুব শিগগিরই একটি বিস্তারিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। এ পরিকল্পনার আওতায় দপ্তরভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন নিশ্চিত করা হবে।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এম. এ. আকমল হোসেন আজাদ, সদস্য (সিনিয়র সচিব), ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন।

সভায় আরও উপস্থিত ছিলেন হায়দার আলী, যুগ্ম প্রধান; দেবোওম সান্যাল, উপপ্রধান; প্রিয়াঙ্কা দত্ত, উপপ্রধান—ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সওজ), নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত, সওজ, এলজিইডি, পিডিবি, পবিস ও জনস্বাস্থ্য), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), গফরগাঁও ও পাগলা থানার ওসি, উপজেলা প্রাণিসম্পদ, কৃষি ও মৎস্য কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রেলওয়ে স্টেশন মাস্টার, ইউনিয়ন পরিষদের প্রশাসকবৃন্দ ও উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, “উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগই পারে গফরগাঁওকে একটি আধুনিক ও পরিকল্পিত উপজেলা হিসেবে গড়ে তুলতে।” সভা শেষে গফরগাঁওয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার প্রাথমিক রূপরেখা উপস্থাপন করা হয় এবং দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *