গাজীপুর প্রতিনিধি :-
শ্রীপুরে গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হয়েছে তিনটি বিরল প্রজাতির বন্যপ্রাণী রিংটেইল লেমুর।এ ঘটনায় অজ্ঞাতনামা চোর বা চোরচক্রের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পার্ক কর্তৃপক্ষ।
অভিযোগ সূত্রে জানা যায়, ২৩ মার্চ (শনিবার) দিবাগত রাতে পার্কের অভ্যন্তরে অবস্থিত ‘লামচিতা ঘর-১’ নামক বেষ্টনীর নিরাপত্তা নেট কেটে দুর্বৃত্তরা দুটি পুরুষ এবং একটি স্ত্রী রিংটেইল লেমুর চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা বেষ্টনী পরিষ্কার করতে গিয়ে নেট কাটা অবস্থায় দেখতে পান এবং সঙ্গে সঙ্গে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন। তাৎক্ষণিকভাবে আশপাশ এলাকায় খোঁজাখুঁজি চালানো হলেও প্রাণীগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওয়াইল্ডলাইফ সুপারভাইজার জানান, চুরি হওয়া প্রাণীগুলোর বর্তমান বাজারমূল্য এবং প্রজাতিগত গুরুত্ব উভয়ই অত্যন্ত মূল্যবান। তিনি বলেন, “রিংটেইল লেমুর একটি সংরক্ষিত বন্যপ্রাণী। এ ধরনের চুরি শুধু সাফারি পার্কের নিরাপত্তা নয়, বরং দেশের প্রাকৃতিক সম্পদের জন্যও হুমকিস্বরূপ।”
এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পার্কের আশপাশে নজরদারি চালানো হচ্ছে।