চাঁদাবাজির সংবাদ করায় সাংবাদিককে কুপিয়ে হত্যা – গাজীপুরে নৃশংস হামলা

গাজীপুর প্রতিনিধি:

চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে গাজীপুরের জয়দেবপুর মোড়ে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন-কে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক তুহিন কয়েকদিন আগে এলাকার একটি চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন। এরই জের ধরে আজ দুপুরে পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী জয়দেবপুর মোড়ে তার উপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

তুহিনের এই নির্মম হত্যাকাণ্ডে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেছেন।

বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (BiRC) এর পক্ষ থেকে বলা হয়,

“চাঁদাবাজির মতো অপরাধ তুলে ধরলে যদি একজন সাংবাদিকের জীবন কেড়ে নেয়া হয়, তাহলে সেটা গণমাধ্যম স্বাধীনতার উপর সরাসরি আঘাত। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-এর আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *