জয়পুরহাটে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্ৰেফতার

জয়পুরহাট প্রতিনিধি:

গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান, ৫৮৯ পিস ইয়াবা ও নগদ ৬ লাখ টাকাসহ দম্পতি গ্রেপ্তার । দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিট থেকে ৫ অক্টোবর রাত ১টা পর্যন্ত নওগাঁ জেলার বদলগাছি উপজেলার জগদীশপুর ইউনিয়নে সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।

১১ পদাতিক ডিভিশনের জয়পুরহাট আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে মেজর ওয়াজেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘসময় অভিযান পরিচালনার পর জয়পুরহাট ও নওগাঁ জেলার সীমান্তবর্তী জিরো পয়েন্ট এলাকায় মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন—মোঃ ফারুক হোসেন (৫১), পিতা: মোঃ আবু বক্কর, মাতা: মোছাঃ আবেদা খাতুন, গ্রাম: জামালগঞ্জ, জেলা: নওগাঁ। মোছাঃ স্মৃতি আখতার রুমি (৪৪), স্ত্রী: মোঃ ফারুক হোসেন, পিতা: হাবিবুর রহমান, মাতা: মোছাঃ মানতা বেগম, গ্রাম: মন্ডলপাড়া, নারায়নপাড়া, জয়পুরহাট সদর।

অভিযানে ৫৮৯ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ১ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা) এবং মাদক বিক্রির নগদ টাকা ৬ লাখ ৫২ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়।

অভিযান শেষে উদ্ধারকৃত মালামালসহ আটককৃতদের বদলগাছি থানার এসআই মোমিনের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *