ঢাকা প্রতিনিধি:
দেশের কারাগার ব্যবস্থার আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে বাংলাদেশ জেলের নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করা হয়েছে। নতুন নাম হবে “কারেকশন সার্ভিস বাংলাদেশ”।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নতুন নামের মাধ্যমে কারাগার ব্যবস্থাকে শুধু শাস্তি প্রদানের স্থান হিসেবে নয়, বরং বন্দিদের সংশোধন, পুনর্বাসন ও সমাজে ফিরিয়ে আনার কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি প্রতিফলিত হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, দেশের সব কারাগারে ধাপে ধাপে আধুনিক সুবিধা সংযোজন, প্রশিক্ষণমূলক কার্যক্রম, মনস্তাত্ত্বিক সহায়তা এবং বন্দিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে। কারাগারের ভেতরে শাস্তি নয়, “সংশোধন ও উন্নতির সুযোগ” সৃষ্টি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
কারা মহাপরিদপ্তরের এক কর্মকর্তা বলেন,
বিশ্বের অনেক দেশেই জেল শব্দটি পরিহার করে কারেকশনাল সার্ভিস ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশেও সেই ধারা অনুসরণ করে এ নামকরণ করা হলো।
নতুন নামের সাইনবোর্ড ও নথিপত্র ইতিমধ্যে পরিবর্তনের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।