রংপুর প্রতিনিধিঃ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রংপুরে মহানগর যুবদল স্বাগত মিছিল করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ৩৩টি ওয়ার্ডের নেতা কর্মীদের অংশগ্রহণে টাউন হল চত্বর থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মহানগর যুবদলের আহব্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন ও সিনিয়র যুগ্ম আহব্বায়ক জহির আলম নয়ন এর নেতৃত্বে স্বাগত মিছিলটি পুনরায় টাউন হলে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, রংপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মিঠু, যুগ্ম আহবায়ক ওয়াহেদ মুরাদ প্রমুখ।
স্বাগত মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার পতনে তারেক রহমান অগ্রনী ভূমিকা পালন করেছে। সূদূর লন্ডন থেকে তার নির্দেশে দলের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভাবে কাজ করেছে। দেশের ক্রান্তি কালে বর্তমানে জাতির সামনে তারেক রহমান সাহসী ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। অন্যায়ের বিরুদ্ধে তার নেতৃত্ব মানে আপোষহীন অবস্থান, মানুষের ভোটাধিকার ও বাক স্বাধীনতাকে ফিরিয়ে আনা। আগামী ২৫ ডিসেম্বর তাকে বরণ করে নিতে সারাদেশের মানুষ প্রস্তুত।
আমরা দিনক্ষণ গুনছি কখন তিনি দেশে আসবেন এবং এ জাতির কন্ঠসর হয়ে তাদের মনের আকাঙ্খা পূরণে দায়িত্ব গ্রহণ করবেন।এর আগে তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যার্বতন উপলক্ষে রংপুর মহানগর যুবদলের উদ্যোগে টাউনহল অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়।