নিউমার্কেটে অস্ত্রের গুদামে সেনা অভিযান, বিপুল দেশি অস্ত্র উদ্ধার

প্রতিবেদকঃ মো. শাহজাহান বাশার: 

ঢাকা, ৯ আগস্ট ২০২৫: রাজধানীর নিউমার্কেট এলাকায় দেশি অস্ত্রের বিক্রয়কেন্দ্র ও গুদামে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিভিন্ন ধরনের দেশি ধারালো অস্ত্র জব্দ করা হয়।

সেনাবাহিনীর সূত্র জানায়, সম্প্রতি কিশোর গ্যাং, সন্ত্রাসী চক্র ও ছিনতাইকারীদের হাতে ধারালো অস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ার প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এ সময় নিউমার্কেট এলাকায় কয়েকটি দোকান ও গুদামে এসব অস্ত্রের মজুদ থাকার তথ্য পাওয়া যায়।

অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে ছিল সামুরাই, চাপাতি, দা, চাকু এবং অন্যান্য দেশীয় ধারালো অস্ত্র। এগুলো রান্নাঘরের সরঞ্জামের আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল, যাতে সাধারণ ক্রেতাদের চোখে না পড়ে।

সেনাবাহিনী জানিয়েছে, এসব অস্ত্রের মালিক ও সরবরাহকারীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

তদন্তকারীরা বলছেন, এই অভিযান রাজধানীতে অবৈধ অস্ত্র ব্যবসা ও গ্যাং কালচার রোধে বড় ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *