মোঃ ফারুক সরকার, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামের মেধাবী শিক্ষার্থী তৌফিক আহম্মেদ ৪৯তম বিসিএস পরীক্ষায় সারাদেশে মেধা তালিকায় ১৮তম স্থান অর্জন করে আলোচনায় এসেছেন।
বর্তমানে তিনি সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্স শ্রেণির শিক্ষার্থী। তার এই অসাধারণ অর্জনে পরিবার, শিক্ষক ও সহপাঠীরা গর্বিত ও আনন্দিত।
তৌফিক আহম্মেদ বলেন, “এই সাফল্যের পেছনে কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং পরিবারের অনুপ্রেরণা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি দেশের মানুষের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।”
তার সাফল্যের খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামজুড়ে আনন্দের বন্যা বয়ে যায়। শিক্ষক ও সহপাঠীরা বলেন, “তৌফিকের এই সাফল্য আমাদের এলাকার তরুণদের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে থাকবে।”
পারিবারিক প্রতিক্রিয়া:
তৌফিক আহম্মেদের বাবা-মা ভাই -বোন জানান, ছেলের এমন সাফল্যে তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। শৈশব থেকেই তিনি মনোযোগী ও পরিশ্রমী ছিলেন। তার এই অর্জনে পরিবারের প্রতিটি সদস্য গর্ববোধ করছেন।
আত্মীয়-স্বজন ও বন্ধুদের অনুভূতি:
আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবরা অভিনন্দন জানিয়ে বলেন, তৌফিকের এই অর্জন শুধু পরিবারের নয়, পুরো এলাকার গৌরব। তারা বিশ্বাস করেন, ভবিষ্যতে তৌফিক দেশের সেবায় এক নিবেদিতপ্রাণ কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন।