ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা, ২৪ সেপ্টেম্বর – কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই তথ্য গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শশীদল বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবু বক্কর নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, আটক যুবকের নাম রবিন হোসেন (২৫)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার বক্সনগর থানার গৌরাঙ্গলা গ্রামের আব্দুল সালামের ছেলে।
শশীদল বিওপির ৬০ বিজিবির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবু বক্করের নেতৃত্বে টহলদল সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সীমান্ত এলাকায় বের হয়। রাত সাড়ে ১০টার দিকে নারায়ণপুর মাজারের সামনে রবিনকে আটক করা হয়। ওই সময় সে বৈধ পাসপোর্ট বা ভ্রমণসংক্রান্ত কোনো নথি দেখাতে সক্ষম হয়নি।
ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবু বক্কর জানান, “আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে পরবর্তীতে থানায় হস্তান্তর করা হয়। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”
বিজিবি কর্তৃপক্ষ আরও জানায়, সীমান্তে নিরাপত্তা জোরদার করা হচ্ছে এবং অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা প্রতিরোধে নিয়মিত নজরদারি চালানো হবে।