মাগুরা প্রতিনিধি:
মাগুরায় আসন্ন প্রথম বিভাগ কাবাডি লীগ ২০২৫' ও 'জুলাই শহীদ স্মৃতি প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫' আয়োজন উপলক্ষে 'মিট দা প্রেস' অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৩ অক্টোবর বিকেল চারটায় মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আয়োজন করে মাগুরা জেলা ক্রীড়া সংস্থা। জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মিট দ্যা প্রেস এ আসন্ন কাবাডি লীগ ও ক্রিকেট লীগ নিয়ে আলোচনা করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়, চলতি অক্টোবর মাসের শেষ সপ্তাহে শহরের নোমানী ময়দানে আট দলীয় প্রথম বিভাগ কাবাডি লীগ আয়োজন করা হচ্ছে। একই ধারাবাহিকতায় নভেম্বর মাসের শুরুতে মাঠে গড়াবে প্রথম বিভাগ ক্রিকেট লীগ। এতে অংশ নেবে জেলার ১৬ টি ক্লাব। এ সময় কাবাডি লীগ পরিচালনা কমিটির আহবায়ক কাজী আশিক রহমান ও ক্রিকেট লীগ পরিচালনা কমিটির আহবায়ক জাহিদুল ইসলাম ও সদ্য যোগদান করা জেলা ক্রীড়া কর্মকর্তা বি এম সাজিন ইসরাত বক্তব্য দেন।
জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম বলেন, গত বছর এডহক কমিটি গঠনের পর থেকেই নানারকম আয়োজন করে আসছে জেলা ক্রীড়া সংস্থা। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি এবং ক্রিকেট লীগ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো সফল হলে পরবর্তীতে অন্য খেলা গুলো ধারাবাহিকভাবে আয়োজন করা হবে'। মাগুরার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে জেলা ক্রীড়া সংস্থার এ আয়োজনে অংশীদার হতে পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহবান জানান জেলা প্রশাসক।
অনুষ্ঠানে কাবাডি ও ক্রিকেট লীগের জন্য দুটো লোগো উন্মোচন করা হয়। উপস্হিত অতিথিরা লোগো দুটো দেখেন এবং কিছু অংশ সংশোধনের পরামর্শ দেন। এসময় উপস্থিত সাংবাদিকরা ক্রীড়ার উন্নয়নে তাদের ধাটনা থেকে বিভিন্ন ধরনের মতামত ও পরামর্শ তুলে ধরেন। জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম পরামর্শ সমূহ সাদরে গ্রহন করেন।