কাজী মোস্তাক আহমেদ :
গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে *ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়ের করা মিথ্যা মামলা ও হত্যাচেষ্টার ঘটনায় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ, প্রতিবাদ ও নিন্দার ঝড় বইছে।
এই জঘন্য ঘটনার প্রতিবাদে শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বৃহৎ মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (BIRC) কেন্দ্রীয় কমিটি। দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক সাংবাদিকের উপস্থিতিতে আয়োজিত এই মানববন্ধনে সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সাংবাদিকদের কলম থামানো যাবে না’ মানববন্ধনে বক্তারা বলেন,“সত্য প্রকাশের দায়িত্ব পালন করা সাংবাদিকদের আজ মিথ্যা মামলা ও হয়রানির মাধ্যমে স্তব্ধ করার অপচেষ্টা চলছে। এটা গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত এবং স্বাধীন সাংবাদিকতার গলায় ছুরি চালানোর সামিল।”
তারা বলেন, গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, যুগ্ম সম্পাদক আশরাফুল আলম সরকার ও দপ্তর সম্পাদক ফরহাদ আলমের বিরুদ্ধে দায়ের করা এই মামলা সম্পূর্ণ মিথ্যা, ষড়যন্ত্রমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত।

কোনো তদন্ত ছাড়াই এ ধরনের হয়রানিমূলক মামলা দায়ের সাংবাদিক সমাজের জন্য গভীর হুমকি বলে তারা মন্তব্য করেন।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের এই সংস্কৃতি অবিলম্বে বন্ধ করতে হবে। নতুবা সাংবাদিক সমাজ চুপ করে থাকবে না—তারা আরও কঠোর আন্দোলনে নামবে।
গত ৩০ অক্টোবর গাজীপুরের শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসে জনৈক শাহাবুদ্দিনের জমি রেজিস্ট্রি সংক্রান্ত এক ঘটনায় সংবাদ সংগ্রহে গেলে, কিছু প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে ওই তিন সাংবাদিককে ঘটনাটির সঙ্গে জড়িয়ে দেয়।
পরবর্তীতে শাহাবুদ্দিনের মেয়ে শ্রীপুর থানায় ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন, যার মধ্যে উল্লিখিত তিন সাংবাদিকের নাম অন্তর্ভুক্ত করা হয়।
এ ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা ও পেশাগত সম্মান ভয়াবহভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মোঃ রিয়াদুল জামাল, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (BIRC) ও সম্পাদক, দৈনিক যুগান্তর বাংলাদেশ,কাজী মোস্তাক আহমেদ, সহকারী সাধারণ সম্পাদক (কেন্দ্রীয় কমিটি) বিআইআরসি ও প্রকাশক ও সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিদিন ও দৈনিক জয়পুরহাট প্রতিদিন. মোঃ শাহজাহান বাশার, সহ-সভাপতি, BIRC ও সম্পাদক, দৈনিক জনতার মতামত; সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক মানবাধিকার প্রতিদিন,মোজাম্মেল হক, সহ-সভাপতি, BIRC ও চিফ অপারেটিং অফিসার (COO), দৈনিক মানবাধিকার প্রতিদিন,মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক, দৈনিক সংবাদ দিগন্ত,জাহিদ হাসান, সহ-দপ্তর সম্পাদক, BIRC

এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন।
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক এক যৌথ বিবৃতিতে বলেন—
এই মামলা সাংবাদিকতার স্বাধীনতাকে চরমভাবে কলুষিত করেছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না হলে গাজীপুরসহ সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (BIRC) মানববন্ধন শেষে ঘোষণা দেয়-“সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের মতো ন্যাক্কারজনক কর্মকাণ্ডের বিরুদ্ধে আগামী দিনে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সাংবাদিকদের কলমকে ভয় দেখিয়ে থামানো যাবে না—এটি গোটা সাংবাদিক সমাজের অঙ্গীকার।”