সময় টিভির সাংবাদিককে মারধরের বিচার নিয়ে সংশয় : গনমাধ্যম কর্মীদের মানববন্ধন

ঢাকা প্রতিনিধি:

রাজধানীর সিএমএম আদালতে সময় টিভির সাংবাদিক আসিফ মুহাম্মদ সিয়ামের ওপর হামলার ঘটনায় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। আদালতের ভেতর বিচারকের উপস্থিতিতে এমন ন্যাক্কারজনক ঘটনা কিভাবে ঘটতে পারে—সে প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

ঘটনা ঘটে ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের এজলাসে। প্রত্যক্ষদর্শীরা জানান, মামলার তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আসিফ মুহাম্মদ সিয়াম আইনজীবী মহিউদ্দিন মাহির হামলার শিকার হন। এজলাস কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও সাংবাদিকের ওপর হামলা চালানো হয়, যা গণমাধ্যমকর্মীদের কাছে অত্যন্ত উদ্বেগজনক।

সময় টিভির সাংবাদিককে মারধরের বিচার নিয়ে সংশয়  গনমাধ্যম কর্মীদের মানববন্ধন
সময় টিভির সাংবাদিককে মারধরের বিচার নিয়ে সংশয় গনমাধ্যম কর্মীদের মানববন্ধন

এ ঘটনার প্রতিবাদে অভিযুক্ত আইনজীবী মহিউদ্দিন মাহির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন গণমাধ্যমকর্মী। তাদের অভিযোগ, এজলাস কক্ষে বিচারকের সামনেই যদি একজন সাংবাদিক হামলার শিকার হন, তবে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়া কতটা নিশ্চিত, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) বলেছে, আদালত কক্ষ হলো ন্যায়বিচারের প্রতীক। সেখানে সাংবাদিকের ওপর হামলা কেবল একজন সংবাদকর্মীকে অপমান নয়, বরং পুরো গণমাধ্যমকে হেয় করার শামিল। তারা অবিলম্বে হামলাকারী আইনজীবীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে অতীতের অভিজ্ঞতা থেকে সাংবাদিক সমাজে সংশয় দেখা দিয়েছে—এ ধরনের ঘটনায় আদৌ বিচার হবে কি না।

মানবাধিকারকর্মীরাও প্রশ্ন তুলেছেন— “যেখানে বিচারকের উপস্থিতিতে এজলাস কক্ষে সাংবাদিক হামলার শিকার হন, সেখানে সাধারণ মানুষ কিভাবে বিচার প্রত্যাশা করবে?” সাংবাদিক সমাজ মনে করছে, এই ঘটনার সঠিক বিচার না হলে গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা আরও বড় হুমকির মুখে পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *