বেলকুচি থানার গোল ঘরে চেয়ার প্রদান করলেন বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার সভাপতি কেরামত তালুকদার

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা থানায় আগত বিভিন্ন শ্রেণি-পেশার ভুক্তভোগী ও সেবা প্রার্থীরা আইন সহায়তা নিতে প্রতিনিয়ত থানায় আসেন। তবে আবহাওয়াজনিত প্রতিকূলতা ও বসার পর্যাপ্ত আসবাবপত্রের অভাবে অনেকেই ভোগান্তিতে পড়েন।

সেবাপ্রার্থীদের এ দুর্ভোগ লাঘবে বেলকুচি উপজেলা প্রশাসনের উদ্যোগে থানার চত্বরে একটি গোল ঘর নির্মাণ করা হলেও সম্প্রতি “জুলাই ছাত্র জনতার আন্দোলন”-এর সময় সেই গোল ঘরে রাখা চেয়ার ও আসবাবপত্র ভাঙচুর করে আন্দোলনকারীরা। এর ফলে চরম সংকটে পড়ে বসতে আসা ভুক্তভোগী সাধারণ মানুষ।

এই প্রেক্ষাপটে, বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি কেরামত আলী তালুকদার থানার গোল ঘরে আগত সেবাপ্রার্থীদের জন্য চেয়ার প্রদান করেন। গত ২৮ জুলাই সোমবার, তিনি নিজ উদ্যোগে এসব চেয়ার হস্তান্তর করেন, যা উপস্থিত সেবাপ্রার্থীদের মাঝে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি সৃষ্টি করে।

থানায় আসা একাধিক সেবাপ্রার্থী বলেন, “সাংবাদিক, পুলিশ ও সাধারণ মানুষ — সকলেই সমাজের জন্য কাজ করেন। প্রেসক্লাব সভাপতি কেরামত আলী তালুকদারের এই উদ্যোগ একটি প্রশংসনীয় মানবিক দৃষ্টান্ত। তিনি আমাদের বসার ব্যবস্থা করে শুধু সম্মানই জানাননি, একটি সুস্থ ও সহানুভূতিশীল পরিবেশ তৈরিতে অবদান রেখেছেন।”

স্থানীয়রা আরও বলেন, সমাজের অন্যান্য বিত্তবান ও দায়িত্বশীলদেরও এভাবে জনসেবামূলক কাজের প্রতি এগিয়ে আসা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *