আক্কেলপুরে অবৈধভাবে মাছ ধরার জাল জব্দ করে আগুনে পোড়ালেন মৎস্য বিভাগ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভালকি ব্রিজ এলাকায় একটি খাল থেকে অবৈধভাবে মাছ ধরার ঠুসি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দিয়েছে স্থানীয় মৎস্য বিভাগ। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে জয়পুরহাট আক্কেলপুর সড়কের ভালকি ব্রিজের ওপর এ জাল আগুন পুড়িয়ে ফেলা হয়।

মৎস্য বিভাগ ও স্থানীয়রা জানায়, ভালকি ব্রিজ এলাকায় একটি খাল দিয়ে কয়েকটি গ্রামের ফসলি মাঠের পানি প্রবাহ হয়। কিন্ত কিছু অসাধু মৎস্য আহরণকারী অবৈধ ঠুসি জাল ফেলে মাছ ধরার কারণে ছোট ছোট সব মাছ জালে আটকা পড়ছে। সেই সঙ্গে জালের কালের কারণে পানি প্রবাহ কমে জমির ধান নষ্ট হচ্ছে। 

এ খবরে আক্কেলপুর উপজেলা মৎস্য কর্মকর্তা থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে দুই লাখ টাকা মূল্যের প্রায় পাঁচ হাজার মিটার অবৈধ ঠুসি জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেন। এ সময় জালের মালিক অনুপস্থিত ছিলেন।

এ ব্যাপারে আক্কেলপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, জাল ফেরার কারণে ছোট ছোট মাছ বিলুপ্ত হচ্ছে, আবার পানি নিস্কাশন ব্যাহত হচ্ছে। মাছ রক্ষায় এবং ফসলি জমির পানি প্রবাহ ঠিক রাখতে আজকের এই অভিযান। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *