কুমিল্লা প্রতিনিধি:
শুভ জন্মাষ্টমী উপলক্ষে কুমিল্লায় হিন্দু সম্প্রদায়ের আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদবাতুল বারী আবু, সভাপতি, কুমিল্লা মহানগর বিএনপি।
হাজী আমিন উর রশিদ ইয়াছিন তাঁর বক্তব্যে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “হিন্দু ধর্মাবলম্বী ভাইবোনদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি তাদের অব্যাহত কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি কামনা করি। জন্মাষ্টমীর এই শুভদিনে আমি হিন্দু সম্প্রদায়ের সকলের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি।”
আনন্দঘন এ আয়োজনে হিন্দু সম্প্রদায়ের নেতা-কর্মী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সব বয়সের ভক্তরা। পরে আয়োজকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
শোভাযাত্রাকে ঘিরে পুরো এলাকা ছিল উৎসবমুখর পরিবেশে ভরপুর। ধর্ম-বর্ণ নির্বিশেষে অনেক মানুষ এ আয়োজনে অংশ নিয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন।