কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ. টি. এম. মাসুম বলেছেন, দেশের স্থিতিশীল গণতন্ত্র ও সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই ‘পিআর (Proportional Representation)’ পদ্ধতিতেই অনুষ্ঠিত হতে হবে।১৮ অক্টোবর শনিবার সকাল ১০ টায় চাঁদপুর জেলার আল-আমিন একাডেমির মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামি চাঁদপুর জেলা কর্তৃক আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান নির্বাচন পদ্ধতিতে জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হয় না। তাই একটি ন্যায়সঙ্গত ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে পিআর পদ্ধতি প্রবর্তন এখন সময়ের দাবি।
এ. টি. এম. মাসুম আরও বলেন, জনগণের ভোটের সমান মূল্য নিশ্চিত করতে হলে আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক নির্বাচনী ব্যবস্থা চালু করা জরুরি। এতে ছোট-বড় সব রাজনৈতিক দলই তাদের জনপ্রিয়তা অনুযায়ী সংসদে আসন পাবে, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।
তিনি দেশের জনগণ ও রাজনৈতিক মহলকে আহ্বান জানান — সবাই যেন গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার দাবিতে একক কণ্ঠে আওয়াজ তোলে।
বাংলাদেশ জামায়াত ইসলামি চাঁদপুর জেলার আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া এর পরিচালনায় এতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি কুমিল্লা ও নোয়াখালী অঞলের টিম সদস্য কাজী নজরুল ইসলাম খাদেম,বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন,হারুনুর রশিদ ওসমানী,মাস্টার জাহাঙ্গীর আলম,বাইতুলমাল সম্পাদক মোহাম্মদ হোসাইন বিএসসি সহ আরও অনেকেই।