শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা সমবায় অফিসের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। শনিবার সকালে এ উপলক্ষে উপজেলা সমবায় অফিস প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়।
পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা সমবায় অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রবিউল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, বাঘাবাড়ী ট্রাক ট্যাংকলরী শ্রমিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি কে এম শামীম হোসেন, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হোসেন, এবং বাঘাবাড়ী বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নওশের আলী প্রমুখ।
বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা ও ঐক্যের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে সমবায়ের আদর্শ ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।