স্কুল না থাকায় প্রাথমিক শিক্ষায় পিছিয়ে বান্দ্রা গ্রামের শিশুরা

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:


মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বান্দ্রা গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় না থাকায় স্থানীয় শিশুরা চরম ভোগান্তির মধ্যে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। বিদ্যালয়ের অভাবে শিক্ষার্থীদের মহিষখলা, কার্তিকপুর ও সাউথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ দূরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হচ্ছে।

বিদ্যালয়ে যেতে শিশুদের পার্শ্ববর্তী নদী পার হতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে নদীর স্রোত বেড়ে গেলে ছোট নৌকায় পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ফলে অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারে না।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শিশুদের স্কুলে যেতে হচ্ছে। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হলে তাদের দুর্ভোগ কমবে এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে।

এ বিষয়ে মহিষখলা গ্রামের হাদিরুজ্জামান বলেন, “বিদ্যালয় না থাকায় শিশুরা ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে। এতে অনেকেই নিয়মিত পড়াশোনা করতে পারছে না। বিষয়টি দ্রুত সমাধান করা প্রয়োজন।”

অভিভাবক ও সচেতন মহল দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, বান্দ্রা গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হলে শিক্ষার হার বৃদ্ধি পাবে এবং শিশুরা নিরাপদ পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *