ময়মনসিংহের ভালুকায় দীপু হত্যা মামলার আরও দুই আসামি গ্রেপ্তার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও দুই গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (০৪ মার্চ ২০২৬) রাতে ভালুকার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—বাটাজোর ডাকুরিয়া এলাকার সিয়াম আহম্মেদ (১৯) এবং হবিরবাড়ী ইউনিয়নের আব্দুল্লাহ (২৮)।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, আসামিরা ঘটনার সময় স্কয়ার মাস্টারবাড়ী মেইনরোডে দীপুর মরদেহ গাছে ঝুলানো অবস্থায় রশি টেনে স্লোগান দিয়েছিলেন। তারা উপস্থিত জনতাকে উত্তেজিত করে লাশের ওপর বর্বরোচিত নির্যাতনে সরাসরি অংশ নেন এবং অন্যদেরও উৎসাহিত করেন।

উল্লেখ্য, এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত সর্বমোট ২৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন ইতিমধ্যে আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার বাকি পলাতক আসামিদের ধরতে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *