আদিতমারীতে দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক তারিকুল ইসলাম রিপন

আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী দলিল লেখক সমিতির সাধারণ নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাব-রেজিস্টার কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার শিউলী খাতুনের তত্ত্বাবধানে এ ভোটগ্রহণ সম্পন্ন হয়।


মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হওয়া ভোটগ্রহণ চলে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ৫৩ জন ভোটার অংশ নেন এবং শতভাগ ভোটগ্রহণ নিশ্চিত হয়।
ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।


ঘোষিত ফলাফলে সভাপতি পদে দোয়াত-কলম প্রতীকে ৩৮ ভোট পেয়ে মোঃ মোজাম্মেল হক বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আবু তালেব চেয়ার প্রতীকে পান ১৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে কলম প্রতীকে ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ তারিকুল ইসলাম রিপন। তার প্রতিদ্বন্দ্বী মোঃ সাইফুল ইসলাম সরকার মোটরসাইকেল প্রতীকে পান ১৯ ভোট।


কোষাধ্যক্ষ পদে আনারস প্রতীকে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ রবিউল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রোকনুজ্জামান ছাতা প্রতীকে পান ২১ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মাছ প্রতীকে ২৬ ভোট পেয়ে বিজয়ী হন মোঃ আবুল কালাম মাসুদ। তার প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান শাহিন পান ১৯ ভোট।


দপ্তর সম্পাদক পদে বাইসাইকেল প্রতীকে ২৯ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ বাবুল মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বখতিয়ার উদ্দিন লিমন চশমা প্রতীকে পান ২৪ ভোট।
এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন চারজন। তারা হলেন— মোঃ আব্দুর রহমান সবুজ (৪৭ ভোট), মোঃ আজিজুল ইসলাম (৪৪ ভোট), শ্রী দিলীপ কুমার রায় (৪৪ ভোট) এবং মোঃ রাসেল খান (৩৫ ভোট)।


নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে প্রাণবন্ত পরিবেশ বিরাজ করে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার মধ্যে সন্তোষ দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *