তানোরে মশার রাজত্ব নাকাল পৌরবাসী নেই কার্যকর উদ্যোগ

আকতারুজ্জামান, তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ


রাজশাহীর তানোর পৌরসভায় মশার অসহনীয় উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন পৌর নাগরিকরা। দীর্ঘদিন ধরে মশা নিধনের কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দিনরাত মশার কামড়ে অতিষ্ঠ শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ক্লাসরুমে বসে মশার জ্বালায় পড়াশোনা করতে পারছে না। দীর্ঘ কয়েক বছর মশা নিধনের ওষুধ স্প্রে না করায় মশার প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ স্থানীয়দের।


ভুক্তভোগী নাগরিকরা জানান, তানোর সদর, গোল্লাপাড়া ও তালন্দ হাটের ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। এছাড়া বিভিন্ন স্থানে আবর্জনার স্তূপ ও খালের পচা পানিতে মশার প্রজনন বেড়েছে। থানা মোড় ও মডেল স্কুলের আশপাশে মশার উপদ্রব এতই বেশি যে কয়েল জ্বালিয়েও রেহাই পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ীরা অভিযোগ করেন, হাট থেকে বড় অঙ্কের রাজস্ব আদায় হলেও আবর্জনা পরিষ্কার ও মশা নিধনে কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ নেই।


৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর জনপ্রতিনিধিদের বদলে প্রশাসক নিয়োগ দেওয়ায় তৃণমূলের নাগরিক সেবা আরও স্থবির হয়ে পড়েছে বলে মনে করেন সচেতন মহল। তানোর পৌর কার্যসহকারী মাহবুবুর রহমান জানান, তেলের সংকটের কারণে মশা নিধনের বিষ স্প্রে করা যাচ্ছে না। তেল পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে তানোর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খাঁনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। বর্ষা মৌসুমের আগেই মশা নিধনের কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন পৌরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *