রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় এসি আই ফার্টিলাইজারের উদ্যোগে আধুনিক কৃষি প্রযুক্তির অংশ হিসেবে মানুষবিহীন স্প্রেয়ার ড্রোনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই মালিভিটা এলাকায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে কৃষকদের সামনে ড্রোনের মাধ্যমে কীভাবে দ্রুত ও কার্যকরভাবে জমিতে কীটনাশক ও সার ছিটানো যায়, তা সরাসরি দেখানো হয়।
এতে উপস্থিত কৃষকরা নতুন এ প্রযুক্তি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং এর ব্যবহারিক সুবিধা সম্পর্কে ধারণা লাভ করেন। প্রদর্শনী শেষে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আধুনিক কৃষিতে প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং খরচ কমানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এসি আই ফার্টিলাইজারের এজিএম জিল্লুর রহমান খান, অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার কৃষিবিদ অনিক পারভেজ, রিজিওনাল সেলস ম্যানেজার শরিফুল ইসলাম, ডেপুটি জোনাল ম্যানেজার কৃষিবিদ মেজবাউর রহমান, সার্ভিস ম্যানেজার জাহিদুজ্জামান রুবেল এবং এসি আই ফার্টিলাইজারের ডিলার এস এস ট্রেডার্সের স্বত্বাধিকারী সার্দুল হকসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। ড্রোন প্রযুক্তি কৃষকের সময়, শ্রম ও খরচ কমিয়ে উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।