তানোর,(রাজশাহী) উপজেলা সংবাদদাতাঃ
রাজশাহীর তানোরে ৭০ পিস নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে পৌর এলাকার আমশো মেডিকেল মোড়ে এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি সাজ্জাদ আলী; তিনি আমশো মুথরাপুর গ্রামের বেলাত আলীর ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে পৌর সদর এলাকার আমশো মেডিকেল মোড়ের দক্ষিণ-পশ্চিম পাশে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির গোপন সংবাদ পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে মাদক কারবারি সাজ্জাদকে আটক করা হয়। আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭০ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় সাজ্জাদ আলীকে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।