শেরপুর প্রতিনিধিঃ
“সবার জন্য শিক্ষা” স্লোগানকে সামনে রেখে পিছিয়ে পড়া প্রান্তিক হরিজন সম্প্রদায়ের ৫০ জন শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করেছে জেলা পরিষদ, শেরপুর। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘নিসর্গ’-এ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ।
বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল মানসম্মত স্কুল ব্যাগ ও পানির পাত্র। অনুষ্ঠানে প্রশাসক বলেন, “প্রান্তিক হরিজন সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণের মধ্য দিয়ে জেলা পরিষদের মানবিক কার্যক্রমের একটি নতুন অধ্যায় শুরু হলো। আমরা অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চাই এবং সবার সহযোগিতায় শেরপুরের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও জানান, জেলা পরিষদের দরজা এখন থেকে সকলের জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়। তিনি বলেন, “একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে সমান সুযোগ নিশ্চিত করলেই টেকসই উন্নয়ন সম্ভব।”
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং সহকারী প্রকৌশলী নাজমুল হাসানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগটি প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের শিক্ষায় আগ্রহ বৃদ্ধি এবং তাদের স্কুলমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।