রনি আকন্দ, বিশেষ প্রতিবেদক,কালাই জয়পুরহাটঃ
জয়পুরহাটের কালাইয়ে বিদায়ের দৃশ্যের সাক্ষী থাকলো ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষ। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এর কালাই শাখার ম্যানেজার নূর ইসলামের বদলি জনিত বিদায়ে বুধবার ব্যাংক চত্বরে নেমে আসে বিষণ্নতার ছায়া। বিদায়ের শেষ মুহূর্তে শুধু ব্যাংকের গ্রাহক নন, আবেগে আপ্লুত হয়ে পড়েন ম্যানেজার নিজেও। উপস্থিত সবার চোখেই তখন অশ্রু ঝরছিল।
কয়েকদিন ধরেই তাঁর বদলির খবর ছড়িয়ে পড়লে ব্যাংক চত্বরে এক ধরনের শোকের আবহ তৈরি হয়। বিদায়ের দিন সকালে থেকেই ব্যাংকের সামনে ভিড় করেন বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকরা। ফুল দিয়ে, অশ্রুভেজা নয়নে প্রিয় ম্যানেজারকে বিদায় জানান তারা।
বিদায় বেলায় কান্নাজড়িত কণ্ঠে নূর ইসলাম বলেন, “আপনারা সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন।” তাঁর এই সংক্ষিপ্ত বক্তব্যেও ছিল ভালোবাসা আর দায়িত্ববোধের ছাপ।
বাচ্চু মাষ্টার বলেন, তাঁর যোগদানের পর থেকে সিসি লোন রিকভারি ও লেনদেন কার্যক্রমে গ্রাহকরা পেয়েছেন সর্বোচ্চ সহযোগিতা। একজন মানবিক কর্মকর্তা হিসেবে তিনি সকল মহলে আস্থা অর্জন করেছিলেন।

ব্যবসায়ী শফিউল আলম জানান, তাঁর দায়িত্বকালীন সময়ে ব্যাংক চত্বর ছিল দালালমুক্ত। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে তিনি ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতেন, যা ছিল বিরল এক দৃষ্টান্ত।
২০২৪ সালের ১৯ জানুয়ারি ম্যানেজার (এসপিও) হিসেবে যোগদান করেন নূর ইসলাম। দায়িত্ব নেওয়ার পর থেকেই শাখায় দালালদের দৌরাত্ম্য কমে আসে এবং গ্রাহকসেবা উন্নত হয়। শুধু ব্যাংকিং কার্যক্রম নয়, বিভিন্ন মানবিক উদ্যোগেও সক্রিয় ভূমিকা রাখেন তিনি।
ব্যাংকের তথ্য অনুযায়ী, তাঁর নেতৃত্বে শাখাটি নির্ধারিত সময়ের আগেই ১.৮৫ কোটি টাকা লাভের লক্ষ্যমাত্রা অর্জন করে। পাশাপাশি প্রায় ৫ কোটি টাকা খেলাপি ঋণও কমাতে সক্ষম হন তিনি।
উল্লেখ্য, কালাই শাখা থেকে তাঁকে জয়পুরহাটে বদলি করা হয়েছে। তাঁর বিদায়ে কালাইবাসীর হৃদয়ে রয়ে গেল এক মানবিক ও সৎ কর্মকর্তার স্মৃতি।