ঈদে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে নিহত শ্যালক দুলাভাই

রনি আকন্দ বিশেষ প্রতিনিধি কালাই (জয়পুরহাট):

জয়পুরহাটের ক্ষেতলালে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার দুপুরে উপজেলার নিশ্চিন্তা টু চাঁনপাড়া আঞ্চলিক সড়কের খড়িকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালাই উপজেলার সরাইল গ্রামের তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন সরকার (৩০) ও তার শ্যালক হারুঞ্জা গ্রামের সামছুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন (১২)। আহত হয়েছেন ইমনের স্ত্রী সুরাইয়া (১৯)।

পুলিশ ও স্থানীয় স‚ত্রে জানা যায়, ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে রওনা হন ইমন সরকার, তার স্ত্রী ও শ্যালক। পথে মোটরসাইকেলটি খড়িকাটা এলাকায় পৌঁছালে সড়কে ছড়িয়ে থাকা খড়ের ওপর চাকা পিছলে যায়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়ে মোটরসাইকেল আরোহী ইমন সরকার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত ফেরদৌসকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত ইমনের স্ত্রী কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয়দের ভাষ্য, ধান কাটার মৌসুমে এ আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে খড় ও ধান শুকানোর জন্য রাস্তার ওপর ছড়িয়ে রাখা হয়। সড়কে ছড়িয়ে থাকা খড়ের কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদুল ইসলাম বলেন, রাস্তায় খড় বিছানো ছিল। মোটরসাইকেলটি স্লিপ করে ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *