বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি:
যশোর সদর উপজেলার বসুন্দিয়ার ৭ নং ওয়ার্ড (জঙ্গলবাধাল) বিএনপি’র কার্যালয় গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তদের তাণ্ডবে লন্ডভন্ড। শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ৭ নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয়ের লোহার গ্রিলের দরজার তালা ভেঙে ভেতরের আসবাবপত্র ও অফিসে টানানো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্রেমে বাঁধানো ছবিসহ অন্যান্য সরঞ্জাম ভেঙে তছনছ করার ঘটনা ঘটেছে।
শনিবার সকালে প্রথমে ঘটনাটি পথচারীদের নজরে পড়ে। খবর পেয়ে ওয়ার্ড বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ অফিস প্রাঙ্গণে ছুটে আসেন। সাথে সাথে এলাকার সকল শ্রেণীর মানুষ ঘটনাস্থলে জড়ো হয়।
খবর পেয়ে দলীয় কার্যালয় ছুটে আসেন সদর উপজেলা বিএনপির প্রচার বিষয়ক সম্পাদক মোঃ সফিয়ার রহমান শফি, বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান খান, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ওয়ার্ল্ড সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, যুবদলের সভাপতি মোঃ ফিরোজ খান, সাধারণ সম্পাদক ইমরান হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা কর্মীরা। সকলেই এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান। বিদ্যালয়ের নৈশ প্রহরী বশির আহমদ এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি স্কুলে ছিলাম কিন্তু ভাঙচুর সম্পর্কে কিছু জানিনা আমি ঘুমিয়ে পড়েছিলাম।
উপজেলা নেতা সফিয়ার রহমান শফি বলেন, বিএনপি’র সরকার রাষ্ট্র পরিচালনায় থাকা অবস্থায় দলীয় কার্যালয়ে ভাঙচুর হওয়াটা কোনভাবেই কাম্য নয়। যারা রাতের অন্ধকারে ভাঙচুর করেছে তারা সন্ত্রাসী তারা শান্ত বসুন্দিয়াকে রাজনৈতিকভাবে অশান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।
এই জাতীয় ঘটনা যেন আর না ঘটে সেজন্য দলীয় নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন এবং দুর্বৃত্তদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোফাজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এই ঘটনায় জড়িত থাকা দুর্বৃত্তদের গ্রেপ্তারের আশ্বাস দেন।