ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলায় শুরু হয়েছে বোরো ধানের মৌসুম। ইতোমধ্যেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাওরাঞ্চলে বোরো ধানের বীজতলা তৈরি করতে ব্যস্ত হয়ে উঠেছেন কৃষকরা। বিশেষ করে বানাইয়া, মোক্তারপুর, কালাসাড়া, লেংরা, যুগনিগড়, হাওনিয়া, রুনিয়া ও চরইসবপুর এলাকার কৃষকদের মাঝে কাজের যেন ধুম পড়ে গেছে।
হাওর অঞ্চলের কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরো মৌসুমের শুরুতেই বীজতলা তৈরিতে ভালো সময় কাটছে। আগাম প্রস্তুতির মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে তারা এখন সকাল-সন্ধ্যা খেতে কাজ করছেন।
প্রথমপাশা গ্রামের কৃষক আব্দুল হক জানান, “আমরা সময় নষ্ট করতে চাই না। পানি এখনো জমে থাকায় একটু কষ্ট হলেও মাঠে কাজ করছি। আশা করি, আবহাওয়া ঠিক থাকলে ফলন ভালো হবে।”
একই এলাকার আরেক কৃষক ফিরুজ মিয়া বলেন, “আমাদের এলাকার ধান-ই পরিবারের প্রধান আয়ের উৎস। তাই বীজতলা তৈরিতে কোনো রকম গাফিলতি করতে চাই না। গত বছরের তুলনায় এবার আগেভাগেই শুরু করতে পেরেছি।”
উপজেলার কৃষি কর্মকর্তা উম্মে তামিমা জানান, ওসমানীনগরে এবছর বোরো মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী চাষের পরিকল্পনা করা হয়েছে। এ জন্য কৃষকদের পর্যাপ্ত পরিমাণ বীজ, সার ও পরামর্শ দেওয়া হচ্ছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা (ফসল বিভাগ) এক প্রতিক্রিয়ায় জানান, “আমরা মাঠ পর্যায়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। হাওরের কৃষকদের সময়মতো ধান রোপণের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।”
হাওরের কৃষকরা জানান, বছরের একমাত্র ফসল বোরো ধান তাদের জীবনের ভরসা। একবার যদি প্রাকৃতিক দুর্যোগ এড়ানো যায়, তবে এবছর চাষে ভালো লাভের আশায় বুক বাঁধছেন তারা।
উল্লেখ্য, ওসমানীনগর উপজেলার বিস্তীর্ণ হাওরজুড়ে প্রতিবছর হাজার হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়ে থাকে। এই ধান সরাসরি দেশের খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখে।