ফরিদপুরের বোয়ালমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে ছাই

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাদিরদী বাজারের মাছ বাজার সংলগ্ন বাচ্চু মোল্যার মার্কেটের নাসির দর্জির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাচ্চু মোল্যা মার্কেট, আজিজ মোল্যা মার্কেটসহ চারটি মার্কেটে। মনোহরি দোকান, ওষুধের দোকান, টেইলার্স, বীজ ভাণ্ডার, জুতার দোকান ও রেস্টুরেন্টসহ অন্তত ১৭টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে এলাকাবাসী, মধুখালী ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ব্যবসায়ীদের অভিযোগ— আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফরিদপুরের বোয়ালমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে ছাই
ফরিদপুরের বোয়ালমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে ছাই

স্থানীয় অবসরপ্রাপ্ত সেনা সদস্য মনির হোসেন বলেন, “বাজারে লোকজন কম ছিল, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আল্লাহর রহমতে আমার দোকান অক্ষত আছে।” ইউপি সদস্য বুলবুল হোসেন জানান, “আগুনে অন্তত ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি।”

বোয়ালমারী ফায়ার সার্ভিসের লিডার খালেক শেখ বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মধুখালী ফায়ার সার্ভিস কাজ শুরু করেছিল। একসঙ্গে দুই টিম মিলে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।”

রাত দেড়টার দিকে মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম নিশ্চিত করেন, “আগুনে ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় বাজারে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *