যশোর প্রতিনিধি:
যশোর-নড়াইল মহাসড়কের তাঁরাগঞ্জ বাজার এলাকায় সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের তাৎক্ষণিক পদক্ষেপে আহতদের কয়েকজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার কিছুক্ষণ পর হঠাৎ বিকট শব্দে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান। গিয়ে দেখা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৩-০১৪৪) ও বিপরীতমুখী একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে, প্রাণ হানির ঘটনা ঘটেনি। ড্রাইভার পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
দুর্ঘটনার শিকার বাসের যাত্রী মনিরুল ইসলাম জানান, ঢাকা থেকেই বাসটি অস্বাভাবিক গতিতে চলছিল। আমরা কয়েকবার ড্রাইভারকে সতর্ক করেছিলাম, কিন্তু তিনি শোনেননি। ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে জরুরি বিভাগের ডাক্তার বিচিত্র মল্লিক বলেন, এ সংক্রান্ত কোনো রোগী এখনো হাসপাতালে আসেনি।