সাতক্ষীরা প্রতিনিধি:
মঙ্গলবার ৮ই জুলাই দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন তেত্রিশ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ আশরাফুল হক এর সার্বিক তত্ত্বাবধানে সোনাবাড়ীয়া বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন কলারোয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ। অংশগ্রহণ করেন ঔষধ প্রশাসনের পরিদর্শক মোহাম্মাদ বাশারাফ হোসেন, বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, পনেরো জন বিজিবি সদস্য এবং ৫ জন পুলিশ সদস্য।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সোনাবাড়ীয়ার কয়েকটি ফার্মেসিতে বিক্রি করা হচ্ছিল নিষিদ্ধ, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ। অভিযানে বিসমিল্লাহ মেডিকেল-এর মালিক মোহাম্মাদ ইমরান হোসাইনকে দশ হাজার টাকা ও আল বারাকা ফার্মেসির মালিক মোহাম্মাদ আল আমিন হোসেনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এই ধরনের টাস্কফোর্স অভিযান এলাকায় ওষুধের বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নিষিদ্ধ ও অননুমোদিত ওষুধের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বশীল কর্মকর্তারা।