হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার খামার ঈদগাহ দ্বিমুখী দাখিল মাদ্রাসায় শিক্ষা বোর্ডের নির্দেশনা উপেক্ষা করে গোপনে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে সুপার মামুনুর রশীদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে—সুপার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার রায়হানুল ইসলাম মিয়াসহ একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে একটি পকেট কমিটি গঠনের চেষ্টা করছেন। বিষয়টি জানাজানি হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং অনিয়মের তদন্তসহ বৈধ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবিতে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) ইউপি সদস্য আলমাস আলীসহ ১২ জন অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ম্যানেজিং কমিটি গঠনের দায়িত্ব পাওয়ার পরও প্রিজাইডিং অফিসার রায়হানুল ইসলাম তফশিল ঘোষণা না করে সুপারের আত্মীয়স্বজনদের নিয়ে গোপনে কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নেন। এতে অভিভাবকরা বঞ্চিত হওয়ার আশঙ্কায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
অভিভাবক প্রতিনিধি আলমাস আলী বলেন, “গোপনে অবৈধ পকেট কমিটি গঠন করা হয়েছে—এটি আমরা কোনোভাবেই মানি না। নিয়ম মেনে তফশিল ঘোষণা করে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে।”
এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সুপার মামুনুর রশীদ বলেন, “এ বিষয়ে আমি কিছু বলতে পারব না, এডহক কমিটির সভাপতির সঙ্গে কথা বলেন।” এডহক কমিটির সভাপতি আলমগীর হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “যা বলা হচ্ছে সব মিথ্যা ও ভিত্তিহীন।”
প্রিজাইডিং অফিসার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম জানান, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, “আমার কাছে অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি স্টাফদের সঙ্গে আলোচনা করে তদন্ত করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”