ঈদ আনন্দ ম্লান ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি ৩৭ জনের

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর যখন সবাই পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উদযাপন করছে, ঠিক তখন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ১৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৩৭ জন রোগী ঈদের দিন হাসপাতালে কাটাতে বাধ্য হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৩১ মার্চ) হাসপাতালের সূত্রে জানা যায়, পুরুষ ১৭ জন ও মহিলা ২০ জন সহ দুই ওয়ার্ড মিলিয়ে মোট ৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে দুইজন মহিলা বিষপান করেছেন, একজন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন এবং একজন জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজের মাথা নিজে ফাটিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ঈদের দিন হওয়ায় সরকারি বরাদ্দ অনুযায়ী রোগীদের জন্য বিশেষ খাবার হিসেবে পোলাও ও মাংস পরিবেশন করা হয়।

বিষপান করা এক রোগী জানান, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে ঝগড়া করে তিনি বিষপান করেন। অন্যজন জানান, দীর্ঘদিন ধরে তার শ্বশুরের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বিষপান করতে বাধ্য হন। তবে, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দাখিল করা হয়নি।

এদিকে, হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, ঈদের দিনে বেপরোয়া গতিতে যানবাহন চালানোর কারণে প্রতি ঈদে দুর্ঘটনার হার বেড়ে যায়। আজ (৩১ মার্চ ) বিকাল ৫টা পর্যন্ত তিনটি সড়ক দুর্ঘটনার রোগী হাসপাতালে এসেছে। তবে গুরুতর আহত কেউ না থাকায় প্রাথমিক চিকিৎসার পর তাদের বাড়িতে পাঠানো হয়েছে।

সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে চিকিৎসক আরও বলেন, “প্রতিবছর ঈদের সময় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।”

ভূরুঙ্গামারীর হাসপাতাল কর্তৃপক্ষের প্রত্যাশা, আহত ও অসুস্থ রোগীরা দ্রুত সুস্থ হয়ে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *