পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
উত্তরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। জ্বালানি তেল পরিবহনের সময় তিন শ্রমিককে হয়রানির প্রতিবাদে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে।
রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর সকল কার্যক্রম বন্ধ রেখে এ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। এতে একাত্মতা প্রকাশ করেছে পেট্রোল পাম্প মালিক সমিতিসহ সংশ্লিষ্ট অন্যান্য সংগঠন।
জানা গেছে, গতকাল পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে যমুনা কোম্পানির জ্বালানি তেল নিয়ে একটি ট্যাংকলরি নীলফামারীর উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে লরিটির যান্ত্রিক ত্রুটি (ডায়নামার সমস্যা) দেখা দিলে চালক ও সহকারীরা গাড়ির কেবিন খুলে মেরামতের কাজ করছিলেন।
এসময় নীলফামারী জেলার এনডিসি নিয়াজ ভূইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেল চুরির অভিযোগ এনে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ ও চালকের সহকারী রিফাতকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি তাদের মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে ট্যাংকলরি শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন, যার ফলে উত্তরাঞ্চলের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে পড়েছে।
এ বিষয়ে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান বলেন, “অবিলম্বে আটক শ্রমিকদের মুক্তি এবং অভিযুক্ত এনডিসি নিয়াজ ভূইয়ার অপসারণ না করা হলে কর্মসূচি অব্যাহত থাকবে।”
শ্রমিকদের এই কর্মসূচির ফলে সংশ্লিষ্ট অঞ্চলে জ্বালানি সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।