ঢাকায় ‘বঙ্গবীর’ আলিবর্দী খানকে স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা প্রতিনিধিঃ


বাংলা, বিহার ও উড়িষ্যার দেশপ্রেমী নবাব, আলিবর্দী খান-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করে রাজধানী ঢাকায় এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে তাঁর শাসনামলের দেশপ্রেম, ন্যায়পরায়ণতা ও প্রজাকল্যাণমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়।


সভায় বক্তারা বলেন, নবাব আলিবর্দী খান ছিলেন উপমহাদেশের ইতিহাসে এক অনন্য শাসক, যিনি কঠিন রাজনৈতিক পরিস্থিতিতেও বাংলার স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছিলেন। তাঁর আদর্শ, সততা ও দূরদর্শিতা আজও দেশপ্রেমিকদের জন্য প্রেরণার উৎস হয়ে রয়েছে। একইসঙ্গে তাঁর নাতি নবাব সিরাজউদ্দৌলা-এর সংগ্রামী ইতিহাসের সঙ্গেও আলিবর্দী খানের অবদান অবিচ্ছেদ্যভাবে জড়িত বলে উল্লেখ করেন বক্তারা।


অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন সৈয়দ গোলাম আব্বাস আরেব, যিনি নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা নামেও পরিচিত এবং নবাব সিরাজউদ্দৌলার নবম বংশধর হিসেবে পরিচিত। তিনি তাঁর বক্তব্যে পূর্বপুরুষদের ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।


এছাড়া অনুষ্ঠানে দেশের বরেণ্য ও খ্যাতিমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে সিনিয়র সাংবাদিক ফাইজুল ইসলাম (দৈনিক ইত্তেফাক), আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক ফারহানা নীলা (সারা বাংলা.নেট), বিশিষ্ট আইন বিশেষজ্ঞ ইকবাল হোসাইন ভূঁইয়া সহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। বক্তারা নবাব আলিবর্দী খানের জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান এবং দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।


অনুষ্ঠানটি আয়োজন করে নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদ (এন.এস.এস.পি)-এর সম্মিলিত দেশপ্রেমী টিম। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশের গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস অব্যাহত থাকবে।


অনুষ্ঠানটি সফল করতে প্রবাস থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ সাপোর্টার্স ফোরাম, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা ক্লিন্টন হাওলাদার পাভেল এবং যুক্তরাজ্যভিত্তিক কাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারুক চৌধুরী।
অনুষ্ঠানের প্রধান মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে সাপ্তাহিক পলাশী, যার প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম শিল্পপতি, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ ফজলুল হক।


শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *