মোঃ শাহজাহান বাশার, ঢাকা প্রতিবেদক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। তাঁর সঙ্গে ছিলেন ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
সোমবার লন্ডন সময় সন্ধ্যায় এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর বিএনপির শীর্ষ নেতৃত্বের এ ধরনের সরাসরি সাক্ষাতকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাক্ষাতের বিষয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান,
“তারেক রহমানের সঙ্গে এই সাক্ষাৎ ছিলো এক অনন্য অভিজ্ঞতা। দীর্ঘদিন পর আমরা মুখোমুখি বসেছিলাম। আলাপচারিতার পরিবেশ ছিলো এমন এক মুহূর্ত, যা চিরদিন মনে রাখার মতো।”
তিনি আরও বলেন, দলের করণীয়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হয়েছে। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাফল্য কামনা করেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির অভ্যন্তরীণ ঐক্য ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে এ ধরনের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপির শীর্ষ নেতাদের এ ধরনের ঘনিষ্ঠ যোগাযোগ দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।