নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের সামনে বাসচাপায় বানিয়াচংয়ের মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ১৭সেপ্টেম্বর (বুধবার)দুপুরে ঘটেছে। নিহত মা-ছেলে হলো, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাগরদিঘির পশ্চিম পাড় মহল্লার বাসিন্দা।
ঘটনাস্থল স্হলের স্হানীয় সূত্র ও বানিয়াচংয়ের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন মিয়া এই মর্মান্তিক মৃত্যু ঘটনার শোক প্রকাশ করে জানান,মৃত্যুর সংবাদটি জানার সাথে সাথে পরিবারের অন্যান্য লোকজনের কাছ থেকে জানতে পারেন নিহত স্ত্রী শামিমা আক্তার (৪৫) ও তার ছেলে তকি(৪)কে স্বামী সৈয়দ আলী মিয়া সকালে বাড়ি থেকে নবীগঞ্জ উপজেলার দিনারপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।
এবং ঘটনাস্থলে রাস্তা পারাপার হওয়ার সময় হঠাৎ করে একটি সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। তাদের মৃত্যুর খবরটি বানিয়াচংয়ে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

এ সময় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘাতক বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এদিকে খবর পেয়ে নবীগঞ্জ থানার গোপলার বাজার পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ গুলো উদ্ধার করেন। এবং যান চলাচল স্বাভাবিক করেন।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার(ওসি) আবু তাহের দেওয়ান জানান,দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী ঘটনার পর পরই পালিয়ে যায়। তাদেরকে আটক করার চেষ্টা চলছে।
এই দূর্ঘটনার পর স্থানীয়দের দাবি, দিনারপুর কলেজের সামনে সড়কে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে আসছিলো। তারা দীর্ঘদিন ধরে এখানে একটি জেব্রা ক্রসিং ও গতিরোধক স্থাপনের দাবি জানিয়ে আসলেও তা আজও কেউ বাস্তবায়ন করেননি। যার ফলে প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।