পাইকগাছা কেন্দ্রীয় শহীদ মিনার-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে উপজেলার পাইকগাছা কেন্দ্রীয় শহীদ মিনার-এ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি রচনা করেছে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মৎসর্গকারী শহীদদের ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে রয়েছে প্রভাতফেরি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে পৃথকভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বক্তারা মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভাষা শহীদদের আদর্শ বুকে ধারণ করে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *