কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে এক শিশুসহ চারজনের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নদীর দুটি পৃথক স্থান থেকে দুই নারী, এক পুরুষ এবং তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়। সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা জানান, কেরানীগঞ্জের মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছ থেকে প্রথমে ৩০ বছর বয়সী এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
তার গলায় কালো রঙের বোরকা প্যাঁচানো ছিল এবং পরনে ছিল গোলাপি রঙের সেলোয়ার-কামিজ। এর প্রায় এক ঘণ্টা পর একই স্থান থেকে ওড়নায় প্যাঁচানো অবস্থায় তিন বছর বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
অন্যদিকে, কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আকতার হোসেন জানান, মীরেরবাগের ঘটনাস্থল থেকে প্রায় ২০ গজ দূরে জিনজিরা ইউনিয়নের মাদারীপুর জামে মসজিদের কাছ থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়।
বরিশুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর মো. মোক্তার হোসেনের তথ্য অনুযায়ী, এখানে উদ্ধার হওয়া ৪০ বছর বয়সী পুরুষের পরনে ছিল কালো প্যান্ট ও চেক শার্ট এবং ৩০ বছর বয়সী নারীর পরনে ছিল ছাই রঙের গেঞ্জি ও লাল সেলোয়ার। তাদের শরীরে সামান্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
উদ্ধার হওয়া চারটি মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।