রাজধানীতে অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৭ নেতা-কর্মী গ্রেফতার

ঢাকা প্রতিনিধি:

রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এর মধ্যে চারজনকে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাংলামোটর এলাকায় অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে এবং বাকি তিনজনকে পৃথক পৃথক অভিযানে গ্রেফতার করা হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন—আওয়ামী লীগের কৃষি ও সমবায় কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য রোমান আহমেদ (৩২),আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা উপ-কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য সঞ্জীব ইসলাম আফেন্দী (৩৫),কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা ছাত্রলীগ সদস্য নাবেদ আহমদ নব (২৫) ,কিশোরগঞ্জ জেলার ইটনা থানার ছাত্রলীগ নেতা মো. মিজানুর রহমান (৪০),আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন (৫৫),তেজগাঁও থানা যুবলীগের ২৬ নং ওয়ার্ডের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন (৪০),আওয়ামী লীগের বংশাল থানার ৩৩ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মো. সানাকাত (৩৮)

ডিসি তালেবুর রহমান জানান, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম ধারাবাহিক অভিযান চালিয়ে রোমান আহমেদ, সঞ্জীব ইসলাম আফেন্দী, নাবেদ আহমদ নব এবং মো. মিজানুর রহমানকে গ্রেফতার করে।

একইদিন সন্ধ্যা ৬টার দিকে ডিবি-রমনা বিভাগের একটি টিম হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেনকে গ্রেফতার করে। রাত ১০টা ৪৫ মিনিটে ডেমরার বাঁশেরপুল এলাকায় অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে আটক করে ডিবি-ওয়ারী বিভাগ। এছাড়া দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে বংশাল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে সানাকাতকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগ।

ডিসি তালেবুর রহমান বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল। রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করারও চেষ্টা করছিল তারা।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *