কচুয়ায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ

আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাগেরহাটের কচুয়ায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন বছরকে বরণ করে নিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। মোঃ আলী হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

​সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, এছাড়াও সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সুধীজন এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

​সভায় বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবকে ঘিরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো আমাদের লক্ষ্য। পহেলা বৈশাখের দিন মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ মেলার সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হয়।


​সভাপতির বক্তব্যে মোঃ আলী হাসান বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আনন্দঘন ও নিরাপদ নববর্ষ উদযাপন করতে চাই। এজন্য প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা একান্ত কাম্য।”


​অনুষ্ঠানে উপস্থিত সুধীজনরা কচুয়ায় নববর্ষের ঐতিহ্য ধরে রাখতে বিভিন্ন গঠনমূলক প্রস্তাব পেশ করেন। সবশেষে সভার পক্ষ থেকে সকলকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *