যাত্রীবেশে ছিনতাই পুলিশের জালে অটোরিকশা চক্রের ২ সদস্য গ্রেফতার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চুরি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শুক্রবার (১২ জুন) গভীর রাতে উপজেলার থানাঘাট এলাকার খয়বর মোড়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (১৩ জুন) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতেরছড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে ফেরদৌস রহমান অন্তর (২৮) এবং সুলতান আলীর ছেলে মাসুদ মিয়া (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ মে সকালে দক্ষিণ ভরতেরছড়া গ্রামের অটোরিকশা চালক রকি মিয়া (১৯) যাত্রী নিয়ে ভুরুঙ্গামারী থেকে নাগেশ্বরীর উদ্দেশ্যে রওনা হন। পথে যাত্রীবেশে থাকা তিন ব্যক্তি তাকে ঘুমের ওষুধ মেশানো কোমল পানীয় পান করায়। এতে তিনি অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা তার অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর নানা রুস্তম আলীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে একটি সংঘবদ্ধ অটোরিকশা চুরি ও ছিনতাইকারী চক্রের সন্ধান পাওয়া যায়। চক্রের সদস্যরা যাত্রী সেজে অটোরিকশায় উঠে চালক ও যাত্রীদের সঙ্গে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে জানা গেছে।

পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ছিনতাইকৃত অটোরিকশাটি নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বাজারের ফারুক এন্টারপ্রাইজ নামের একটি শোরুমে বিক্রির কথা স্বীকার করেছেন।

ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ চুরি ও ছিনতাই সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *