কোরবানি কোনো হত্যা নয়; বরং এটি আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা – বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর প্রতি বিভেদ ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন।


তিনি বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা হচ্ছে ত্যাগ, মানবতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা।বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, আসুন আমরা সকল বিভেদ ভুলে আল্লাহতালার নির্দেশ অনুযায়ী এগিয়ে যাই এবং ত্যাগ স্বীকারের জন্য নিজেদের প্রস্তুত করি। দেশের যারা দুস্থ, দরিদ্র ও বৈষম্যের শিকার, তাদের পাশে দাঁড়িয়ে একটি সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করি। আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সেই তৌফিক দান করেন।
ঠাকুরগাঁও বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, কোরবানি কোনো হত্যা নয়; বরং এটি আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা।


মন্ত্রী আরো বলেন, আমাদের মন ও সমাজে যত কলুষতা রয়েছে, কোরবানির মধ্য দিয়ে সেগুলো দূর করে নিজেদের পবিত্র করতে চাই। আল্লাহতালার নির্দেশেই আমরা কোরবানি পালন করি।
ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদের জামায়াতে ইমামতি করেন আলহাজ্ব মাওলানা মো. খলিলুর রহমান। নামাজ শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার জনাব মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং জেলা বিএনপির নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *